ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে বাসটি ধাক্কা খেয়ে উল্টে যায়।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তার দিকে যাচ্ছিল বাসটি। হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড়ে বাসটি ‘বেশ দ্রুত’ গতিতে চলার সময় রাস্তার সঙ্গে সংঘর্ষের পর উল্টে যায়।
তিনি জানান, ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই ১৫ জনকে মৃত ঘোষণা করা হয়, হাসপাতালে আরও একজন মারা যান। বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরে নেওয়া হয়েছে। সংস্থার শেয়ার করা ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা একজনের মৃতদেহ ব্যাগে করে সরিয়ে নিচ্ছেন।
দক্ষিণ-পূর্ব এশীয়ার এই দেশে পরিবহন দুর্ঘটনা খুব সাধারণ হয়ে দাঁড়িয়েছে। পুরোনো যানবাহন ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না এবং সড়কের নিয়মিত আইন ও শৃঙ্খলা প্রায়ই লঙ্ঘিত হয়।





