জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের আদেশ আজ দেওয়া হতে পারে। রোববার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে গত ২৮ অক্টোবর ট্রাইব্যুনাল-২ আদেশের জন্য ২ নভেম্বর তারিখ নির্ধারণ করেন। এর আগে ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষের শুনানি শেষে ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়। পরে সময় আবেদনের পর ২৮ অক্টোবর আসামিপক্ষের পক্ষে শুনানি অনুষ্ঠিত হয়। মামলায় একমাত্র আসামি হিসেবে হাসানুল হক ইনুকে ওই দিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী শুনানিতে এ মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান। গত ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল কুষ্টিয়ায় সংঘটিত হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। অভিযোগপত্রে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ইনু আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে গণমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দেন। তিনি আন্দোলনকারীদের ‘বিএনপি’, ‘জামায়াত’, ‘সন্ত্রাসী’ ও ‘জঙ্গি’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করেন এবং দমন-পীড়নে পরোক্ষ সমর্থন জানান। এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, তৎকালীন সরকারের কারফিউ জারি, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, নির্বিচারে গুলি, বোমা হামলা ও হত্যার মতো পদক্ষেপের প্রতি ইনু সমর্থন ও অনুমোদন দেন। আন্দোলন দমন পরিকল্পনা বাস্তবায়নে তিনি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে যোগাযোগ রেখে ষড়যন্ত্র ও সহযোগিতায় যুক্ত ছিলেন। এসব ঘটনায় তার বিরুদ্ধে মোট আটটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালের আদেশের মাধ্যমে আজ মামলার পরবর্তী ধাপের দিকনির্দেশনা পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংবাদ লোড হচ্ছে...





