রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আঘাত হানা ৮.৮ মাত্রার ভূমিকম্পকে ১৯০০ সালের পর বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এ ভূমিকম্পের পরপরই ৬.৯ ও ৬.৩ মাত্রার দুটি আফটারশক অনুভূত হয়েছে।
ইউএসজিএস জানায়, বুধবার (স্থানীয় সময়) কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠের ১৯.৩ কিলোমিটার গভীরে উৎপত্তিস্থল ছিল এ ভূমিকম্পের। ধ্বংসাত্মক শক্তির দিক থেকে এটি ২০১০ সালের চিলি ও ১৯০৬ সালের ইকুয়েডরের সমপর্যায়ের বলে বিবেচিত হচ্ছে।
হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. হেলেন জেনিসজেউইস্কি বিষয়টি নিশ্চিত করে বিবিসিকে বলেন, “আমাদের রেকর্ড অনুযায়ী ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি ছিল ১৯৬০ সালে চিলির বিওবিও অঞ্চলে, যার মাত্রা ছিল ৯.৫।”
রাশিয়ায় ভূমিকম্পের পরপরই জাপানে আছড়ে পড়ে সুনামি। বিবিসি জানিয়েছে, হোক্কাইডোর উপকূলে ১২ ফুট বা প্রায় ৪ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানে। এতে উপকূলীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রশান্ত মহাসাগরীয় বিস্তৃত অঞ্চলজুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
সতর্কতা জারি করা দেশগুলোর মধ্যে রয়েছে—জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পেরু, ইকুয়েডর, চিলি, সলোমন দ্বীপপুঞ্জ, চীন এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই ও লস অ্যাঞ্জেলেস। জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা বা তার চেয়েও বেশি সময় সাগরে উত্তাল অবস্থা বজায় থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভূমিকম্প ও সুনামি পরিস্থিতি নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “ভয় পাবেন না। সরকারের হালনাগাদ তথ্য অনুসরণ করুন। দৃঢ় থাকুন, নিরাপদ থাকুন।”





