ইউক্রেন যুদ্ধকে ঘিরে চলমান আন্তর্জাতিক আলোচনা নিয়ে ব্যস্ততার কারণে বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় এক প্রজ্ঞাপনে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে মেলোনিকে আগামী ৩০ ও ৩১ আগস্ট বাংলাদেশ সফরকালে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছিল।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মেয়েকে সঙ্গে নিয়ে দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল ইতালির প্রধানমন্ত্রীর। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকও হওয়ার কথা ছিল।
সূত্র জানায়, বাংলাদেশ সফর দিয়েই শুরু হওয়ার কথা ছিল মেলোনির এশিয়া সফর। এরপর তার সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান যাওয়ার কর্মসূচি ছিল। ঢাকায় প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও শেষ মুহূর্তে সফর বাতিল করা হয়।
এক কূটনীতিক বলেন, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনায় ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে ইতালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই ব্যস্ততার কারণেই এশিয়া সফর বাতিল করেছেন মেলোনি।





