বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দীর্ঘদিনের দাবিদাওয়া ও আন্দোলনের প্রেক্ষিতে সমস্যা সমাধানে নিরপেক্ষ অবস্থান নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন জ্বালানি ও খনিজ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সরকার ইঞ্জিনিয়ারদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এখন আন্দোলনের মাধ্যমে কিছু আদায় করা কঠিন। সময় দিতে হবে। কারণ, একদিকে রয়েছে ৩ দফা দাবি, অন্যদিকে ৭ দফা—এই দ্বন্দ্ব নিরসনে একটি ভারসাম্যপূর্ণ সমাধান প্রয়োজন।”
উপদেষ্টা জানান, চলমান সমস্যা সমাধানে ১৪ সদস্যের একটি ওয়াকিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকারি প্রকৌশল দফতর এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সদস্যরা থাকবেন। আন্দোলনরত পক্ষগুলো এই গ্রুপের কাছে তাদের দাবি তুলে ধরতে পারবেন।
তিনি আরও বলেন, “কমিটি আন্দোলনকারী, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিভাবকতুল্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রকৌশল মন্ত্রণালয়গুলোর সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে।”
সমস্যা নিরসনে অংশগ্রহণমূলক এবং গঠনমূলক সংলাপের মাধ্যমে একটি সমাধানে পৌঁছানোর প্রত্যাশা প্রকাশ করেন উপদেষ্টা ফাওজুল কবির খান।





