বাংলাদেশ সফরে আসছে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। তারা ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবেন।
বাসসের প্রতিবেদন অনুযায়ী, সফরের সময় প্রতিনিধি দল বাংলাদেশ-ইইউ সম্পর্কের মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন এবং কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা পর্যালোচনা করবেন।
দলটি অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন এনজিও ও সুশীল সমাজ, শ্রমিক সংগঠন এবং বাংলাদেশে কর্মরত বহুপাক্ষিক সংস্থার সঙ্গে বৈঠক করবে। কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করে মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গার মানবিক পরিস্থিতি মূল্যায়ন করা হবে।
২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর বাংলাদেশ রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার কার্যক্রম শুরু করেছে।
ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ একটি নতুন ‘অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ)’ নিয়ে পুনরায় আলোচনা করছে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মৌনির সাতুরি। দলে আরও আছেন ইসাবেল উইসেলার-লিমা, আরকাদিউস মুলারচিক, উরমাস পায়েত এবং ক্যাটারিনা ভিয়েরা।





