ইউক্রেনের দাবি, রাশিয়া এক রাতে দেশটির ওপর ৫৭৪টি ড্রোন ও ৪০টি মিসাইল নিক্ষেপ করেছে—যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, মোট ৬১৪টি অস্ত্রের মধ্যে ৫৭৭টি ভূপাতিত করা সম্ভব হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোররাতে এ হামলায় লভিভ অঞ্চলে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ২০টিরও বেশি বেসামরিক স্থাপনা, যার মধ্যে আবাসিক ভবন ও একটি শিশু বিদ্যালয় রয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সকারপাথিয়ায় একটি মার্কিন ইলেকট্রনিক্স কারখানায় ক্রুজ মিসাইল হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এ ক্ষয়ক্ষতিকে “গুরুতর” বলে উল্লেখ করে যুদ্ধ বন্ধে দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা বলেন।
ইউক্রেন জানায়, হামলায় হাইপারসনিক, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে। এগুলোর বেশিরভাগ ছোঁড়া হয়েছে পশ্চিম রাশিয়া ও কৃষ্ণসাগর এলাকা থেকে, আর কিছু এসেছে ক্রিমিয়া থেকে।
এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ওয়াশিংটনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করেন। প্রথমে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিলেও পরে ট্রাম্প বলেন, “পুতিন-জেলেনস্কি সরাসরি দেখা করাই ভালো হবে, প্রয়োজনে আমি যোগ দেব।”
জেলেনস্কি জানিয়েছেন, তিনি সুইজারল্যান্ড বা অস্ট্রিয়ার মতো নিরপেক্ষ ইউরোপীয় দেশে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। ইস্তাম্বুলকেও তিনি সম্ভাব্য স্থান হিসেবে উল্লেখ করেছেন। তবে হাঙ্গেরির বুদাপেস্টকে “কঠিন বিকল্প” হিসেবে দেখছেন, কারণ দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র।
এদিকে ইউক্রেনীয় সেনারা জানিয়েছে, রাশিয়া দক্ষিণের জাপোরিঝঝিয়া ফ্রন্টে নতুন সেনা মোতায়েন করছে। কুরস্ক অঞ্চল থেকে সেনা সরিয়ে ওই এলাকায় পাঠানো হচ্ছে। পাশাপাশি ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি তেল শোধনাগার, দোনেৎস্কে একটি ড্রোন ঘাঁটি ও আরও কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে।
রাশিয়া ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর দনবাসের লুহানস্ক ও দোনেৎস্কের বড় অংশ দখল করে নেয়। বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, যার মধ্যে ২০১৪ সালে দখলকৃত ক্রিমিয়াও অন্তর্ভুক্ত।





