ইউক্রেন আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর নাম ‘হত্যা তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে। বিষয়টি প্রকাশ করেছে ইউক্রেনের সরকারি ওয়েবসাইট মিরোৎভোরেৎস, যেখানে দেশটির শত্রু হিসেবে বিবেচিত ব্যক্তিদের নাম, পরিচয় ও ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা হয়।
মিরোৎভোরেৎসের তথ্যমতে, ইনফান্তিনো রাশিয়ার প্রতি পদ্ধতিগত সমর্থন ও সহযোগিতার মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে মানবিক ও বেসামরিক আগ্রাসনে অংশ নিচ্ছেন। একই সঙ্গে তিনি বিভিন্নভাবে রাশিয়ার পক্ষে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জিয়ান্নি ইনফান্তিনোকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ খেতাবে ভূষিত করেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলে আন্তর্জাতিক ফুটবলের সব প্রতিযোগিতা থেকে রাশিয়ার দলগুলোকে বয়কট করা হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো মন্তব্য করেন, এই বয়কট ফুটবলের উন্নতিতে কোনো ভূমিকা রাখেনি, বরং আন্তর্জাতিক অঙ্গনে হতাশা ও ঘৃণা আরও বেড়েছে।
এই মন্তব্যের পর ইউক্রেনীয় রাজনীতিবিদদের তীব্র সমালোচনার মুখে পড়েন ফিফা সভাপতি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিভিগা বলেন, “ফিফার প্রেসিডেন্ট নৈতিক অবস্থান থেকে সরে এসেছেন।”
ফিফা সভাপতির নাম মিরোৎভোরেৎসের ‘হত্যা তালিকায়’ অন্তর্ভুক্ত হওয়ায় আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।





