ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে শনিবার (৩০ আগস্ট) পার্লামেন্টের সাবেক স্পিকার আন্দ্রি পারুবিকে গুলি করে হত্যা করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময় একজন কুরিয়ারকর্মীর পোশাক পরা বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন এবং পারুবির পেছন দিয়ে অস্ত্র নিয়ে চলে যান। সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজে ব্যাপক তল্লাশি চলছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘ভয়াবহ হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে পারুবির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, প্রয়োজনীয় সব বাহিনী ও কৌশল মোতায়েন করা হচ্ছে সন্দেহভাজনকে ধরার জন্য।
৫৪ বছর বয়সী পারুবি ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০১৪ সালের গণ-আন্দোলনে তিনি রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।
লভিভের পুলিশ প্রধান ওলেকসান্ডার শ্লিয়াখোভস্কি জানান, পারুবিকে লক্ষ্য করে আটটি গুলি ছোড়া হয়েছিল এবং হামলার পরিকল্পনা খুব সতর্কতার সঙ্গে করা হয়েছিল।





