বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) ৪০ লাখ ইউরোর বেশি সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে এই সহায়তার কথা জানান। পরে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মাইকেল মিলার বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের রূপান্তরে ইইউ অংশীদার হিসেবে কাজ করছে। আমরা ভোটার শিক্ষা এবং কার্যকর পরিকল্পনা, বিরোধ নিস্পত্তি প্রক্রিয়া সহ নির্বাচনী বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে ইসির সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করব।”

তিনি আরও জানান, ইইউ সম্ভাব্য একটি পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে। এ বিষয়ে আগামীতে অন্তর্বর্তী সরকার ও ইসির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

রাষ্ট্রদূত বলেন, “ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির নির্বাচনী বিশেষজ্ঞরাও আমাদের সঙ্গে ছিলেন। আসন্ন নির্বাচনে নাগরিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে তাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য, বাংলাদেশে নির্বাচন যেন স্বাধীন, দক্ষ এবং দায়বদ্ধতার সঙ্গে অনুষ্ঠিত হয়।”

এক প্রশ্নের জবাবে মাইকেল মিলার জানান, আগামী মাসে ইইউর একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে। এটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন নয়, বরং তারা যাচাই করবে যে নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর জন্য পরিবেশ প্রস্তুত কি না।