বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির নেতাদের সঙ্গে এক বৈঠক করেছেন।


দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, বেলা ১১টায় রাষ্ট্রদূত মিলার কার্যালয়ে পৌঁছান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকারসহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।


এর আগে, গত মঙ্গলবার (২৪ জুন) ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেন। রাজধানীর একটি স্থানে অনুষ্ঠিত ওই বৈঠক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দলটি।


জামায়াতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।


দুই দলের সঙ্গেই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়াদি নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।