রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে মতামত জরিপের ফল প্রকাশ করা হয় |
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ভোট দেবে ৪৮ শতাংশ আওয়ামী লীগ সমর্থক, আর জামায়াতকে ভোট দেবে ২৯ দশমিক ৯ শতাংশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে নির্বাচন নিয়ে জরিপ প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে কমিউনিকেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ)।
সংস্থাটি বলছে, ২০০৮ সালের পর প্রথমবার ভোট দেয়া তরুণ ভোটারদের ৩৭ দশমিক ৪ শতাংশ ভোট দেবে জামায়াতকে। আর বিএনপি পাবে ২৭ শতাংশ। এনসিপি ও অন্যান্যরা পেতে পারে ১৭ ও ১৮ দশমিক ৬ শতাংশ। প্রার্থী বিবেচনায় তরুণরা ভোট দেবে ৩০ দশমিক ২ শতাংশ।
প্রতীক বিবেচনায় ভোট দেবে ৩০ দশমিক ৪ শতাংশ। প্রার্থী ও দল বিবেচনায় ভোট দেবেন ৩৩ দশমিক ২ শতাংশ তরুণ। ৯০ শতাংশের মানুষ এবারের নির্বাচনে ভোট দেবেন বলে উঠে আসে জরিপে। আর ২০ শতাংশ মানুষ ভোট দেয়ার বিষয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছে সিআরএফ।
দেশব্যাপী ১১ হাজারের বেশি মানুষের ওপর এই জরিপ চালানো হয়। বেসরকারি ও অলাভজনক সংস্থা কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজের (বিইপিওএস) যৌথ উদ্যোগে এ গবেষণাটি পরিচালিত হয়।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ভোটারদের অংশগ্রহণ, অগ্রাধিকার, নেতৃত্ব সম্পর্কে ধারণা এবং নির্বাচনী পরিবেশ নিয়ে জনমত অনুসন্ধান করতেই এ গবেষণা পরিচালিত হয়। স্ট্র্যাটিফায়েড রেন্ডম স্যাম্পলিং বা স্তরভিত্তিক দৈব নমুনায়ন পদ্ধতিতে ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই ধাপে মাঠপর্যায়ে ১১ হাজার ৩৮ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়।





