ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শুরুর কয়েক ঘণ্টা আগেই আলোচনায় এসেছে স্বতন্ত্র প্যানেল সমর্থিত সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শামীম হোসেনের নাম।
অভিযোগ উঠেছে, তাকে নির্বাচিত করতে নির্দেশনা দেওয়া হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী পরিচালিত কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ‘শেখ হাসিনা রিজার্ভ ফোর্স’ এবং ‘ঠিকানা... দেশরত্ন শেখ হাসিনা’ নামের দুটি চ্যানেলে নির্দেশনাসহ তালিকা প্রকাশের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
নির্দেশনায় বলা হয়, “আগামীকাল ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। সবাইকে নিম্নোক্ত প্রার্থীদের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। আর এই তালিকা সোশ্যাল মিডিয়া বা সন্দেহজনক কারো সঙ্গে শেয়ার করবেন না।” সেখানে ভিপি পদে শামীম (ব্যালট নং ৪২) ছাড়াও কয়েকজন প্রার্থীর নাম উল্লেখ করা হয়।
প্রকাশিত পোস্ট অনুযায়ী, ‘ঠিকানা... দেশরত্ন শেখ হাসিনা’ চ্যানেলের পোস্ট করেছেন খালেকুজ্জামান খোকন, যিনি কক্সবাজারের রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা। আর ‘শেখ হাসিনা রিজার্ভ ফোর্স’ চ্যানেলের পোস্ট করেছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা নিজাম উদ্দিন কিরণ।
এদিকে, ভিপি প্রার্থী শামীমের ছাত্রলীগ সংশ্লিষ্টতার নানা স্ক্রিনশটও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।





