কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে। বুধবার কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামের একজন এনসিপি কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি তখন প্রকাশ্যে আসেনি।
শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।
মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হকও। শনিবার দুপুরে তিনি বলেন, “আসিফ মাহমুদ আমাদের কাছে তাঁর জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। এরপর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আমরা আশাবাদী, তিনি মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।”
মনোনয়নপত্রের রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকা এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। ইতোমধ্যে ওই আসনে তিনি ভোটার হয়েছেন এবং প্রচারণাও চালাচ্ছেন। তবে মুরাদনগর থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তাঁর বক্তব্য জানতে পারেনি সমকাল।
এ প্রসঙ্গে মিনহাজুল হক বলেন, “জোট নিয়ে নাটকীয় কোনো সিদ্ধান্ত আসতে পারে। সে কারণেই একাধিক আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও হাতে সময় আছে।”
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলার ১১টি আসনে মোট ১০৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থীরা সবচেয়ে বেশি ২৭টি মনোনয়নপত্র কিনেছেন। এছাড়া জামায়াতে ইসলামী ১১টি, স্বতন্ত্র প্রার্থীরা ২১টি এবং অন্যান্য দলের প্রার্থীরাও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে তাঁর কর্মী-সমর্থকেরা মনোনয়নপত্র কিনেছেন। তিনি নিজে না আসায় বিষয়টি আমরা আলাদা করে গুরুত্ব দিইনি। তাছাড়া গত দুই দিন মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমও বন্ধ ছিল।”





