রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায়, সে ব্যবস্থা রাষ্ট্রকেই নিতে হবে।”

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের আয়োজিত রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে রিজভী এসব কথা বলেন। সম্প্রতি উত্তরায় একটি বিমান প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় পড়লে শিক্ষার্থীরা আহত হয়।

রিজভী বলেন, “মানুষের চোখ নয়, হৃদয় কাঁদছে এই মর্মান্তিক ঘটনার জন্য। এখন প্রশ্ন হলো, ঘনবসতিপূর্ণ এলাকায় কেন বিমান প্রশিক্ষণ চলছিল? বিমানটি কত পুরোনো ছিল, কোনো ত্রুটি ছিল কি না—এসব প্রশ্ন মানুষের মনে। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করাই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে যায়, কিন্তু কোনো পরিকল্পিত ঘটনা যেন দুর্ঘটনার ছায়ায় ঢাকা না পড়ে, সেটা নিশ্চিত করতে হবে। দায়িত্বে অবহেলা না হলে অনেক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।”

শিশুদের প্রতি দায়বদ্ধতা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির এ নেতা বলেন, “আর কত শিশু এভাবে আগুনে পুড়ে যাবে, আর কত আলোকপিয়াসী প্রাণ অকালে ঝরে যাবে? যারা আহত হয়েছে, যারা সন্তান হারিয়েছে—রাষ্ট্র ও সমাজকে তাদের পাশে দাঁড়াতে হবে। যতদিন তারা বেঁচে থাকবে, ততদিন রাষ্ট্রেরও তাদের পাশে থাকা উচিত।”

রিজভী সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।