জয়পুরহাট প্রতিনিধি: অর্থনৈতিক লেনদেনে অসংগতি প্রমাণিত হওয়ায় জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়েছে। পদাধিকার বলে প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য ও সিনিয়র সাংবাদিক মাশরেকুল আলম কে ভারপ্রাপ্ত সভাপতি এবং সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজ কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্ব দেয়া হয়েছে।
শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যসব পদ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক কর্তৃক আর্থিক লেনদেনে অসংগতি স্পষ্ট হওয়ায় সদস্যরা সর্বসম্মতভাবে তাদের অব্যাহতির পক্ষে মত দেন। একই সঙ্গে খুব অল্প সময়ের মধ্যেই নতুন কমিটির জন্য নির্বাচন আয়োজনের সিদ্ধান্তও জরুরী সাধারণ সভায় গ্রহণ করা হয়।
জয়পুরহাট প্রেসক্লাবের নতুন ভারপ্রাপ্ত কমিটি দায়িত্ব নেওয়ার পর স্বচ্ছ ও জবাবদিহিমূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।





