গাজায় নিহত আরও এক ইসরাইলি বন্দির দেহাবশেষ ইসরাইলের কাছে হস্তান্তর করেছে হামাস। বুধবার (৫ নভেম্বর) রেডক্রসের মধ্যস্থতায় এই লাশ ফেরত দেওয়া হয় বলে জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাস এখন পর্যন্ত মোট ২২ ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিয়েছে। চুক্তি অনুযায়ী, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনটি আরও ছয়জনের লাশ হস্তান্তর করবে—যার মধ্যে ইসরাইলি নাগরিক ছাড়াও একজন থাই ও একজন নেপালি নাগরিক রয়েছেন।
গত মাস থেকেই যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী মৃত ইসরাইলিদের লাশ ফেরত দিচ্ছে হামাস। ওই চুক্তিতে বলা হয়, হামাস মোট ২৮ জিম্মির মরদেহ ইসরাইলের কাছে হস্তান্তর করবে।
তবে ইসরাইলের অভিযোগ, হামাস ইচ্ছাকৃতভাবে লাশ ফেরাতে দেরি করছে। অন্যদিকে হামাসের দাবি, গাজার ধ্বংসস্তূপের নিচে অনেক মৃতদেহ চাপা পড়ায় সেগুলো উদ্ধার করতে সময় লাগছে।
যুদ্ধবিরতি চুক্তির আওতায় জীবিত ও মৃত জিম্মিদের ফেরতের বিনিময়ে ইসরাইল ধাপে ধাপে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে মুক্তি দিয়েছে। একইসঙ্গে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা এবং গাজায় মানবিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে তেল আবিব।
\r\n\r\n\r\n\r\n\r\n
তবে যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থাতেও দুই পক্ষ একে অপরকে চুক্তিভঙ্গের অভিযোগে দোষারোপ করছে। মাঝে মধ্যেই গাজার বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর হামলার খবর পাওয়া যাচ্ছে।





