শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার আগে শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর সিদ্দিক আবেগঘন ভাষণে বলেন, “আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই শহীদ হয়েছে। তার শহীদি তামান্না ছিল। হয়তো আল্লাহ তাকে এই শহীদি মৃত্যু নসিব করেছেন।”

তিনি আরও বলেন, “৭/৮ দিন হয়ে গেলো, এখনও পর্যন্ত আমরা কিছুই করতে পারিনি। এই দুঃখে কলিজা ছিড়ে যাচ্ছে। হত্যাকারীরা যদি দিবালোকের মধ্যে গুলি চালিয়ে পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। যদি তারা সীমান্ত পার হয়, ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে কীভাবে গেল, তা এখনও আমরা বুঝতে পারছি না। এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম।”

বড় ভাই আরও বলেন, “আপনাদের কাছে আমার ঋণ কখনো ছাড়বো না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে, এই বাংলার মাটিতে দেখা যায়। তার সন্তানের দিকে তাকানো যায় না, মা প্রায় পাগল হয়ে যাচ্ছেন। ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট শরীফ ওসমান হাদি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদের দেশ তৌহিদের দ্বীপ বাংলাদেশকে রক্ষা করতে পারে।”