প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, তার পরিবার—স্ত্রী, সন্তান ও ভাইবোন—নির্বাচনের আগে তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন। তারা তাকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তবে তিনি নিজে ভীত নন।

শনিবার (১৩ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া পোস্টে শফিকুল আলম লিখেছেন, “আজ আমার দায়িত্বের ১৬ মাস পূর্ণ হলো। লেখার মতো মানসিক অবস্থায় ছিলাম না। তবে গতকালের নৃশংস গুলিবর্ষণের পর থেকে ওসমান হাদি আমার ভাবনায়, আমার দোয়ায়।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের নানা প্রান্তে গিয়ে লক্ষ করেন লাখ লাখ মানুষ হাদীর পাশে দাঁড়াচ্ছে। শফিকুল আলম বলেন, “এই প্রজন্ম এক স্বৈরাচারকে উৎখাত করেছে। তারা দেশ ঠিক না হওয়া পর্যন্ত থামবে না। যতক্ষণ তারা অবস্থান ছাড়তে অস্বীকার করবে, ততক্ষণ ভয় পাওয়ার কোনো কারণ নেই।”

তিনি আরও বলেন, “জুলাই ও আগস্টে আমরা হারিয়েছি আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আনাস, আহনাফ, ফাইয়াজ, দীপ্ত দে, নাইমা ও রিয়া গোপকে। বিদেশি চাপিয়ে দেওয়া স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামে আমরা আবরার ফাইয়াজকেও হারিয়েছি। তবু চারদিকে ছড়িয়ে আছে লাখ লাখ হাদি ও নাবিলা। তারা ভয় পায় না। আমিও না।”

শফিকুল আলম আশা প্রকাশ করেন, আগামী দশকগুলোতে বাংলাদেশের তরুণেরা দেশের পথ হারাতে দেবে না। তিনি বলেন, “সাময়িক বাধা আসতে পারে, তবে এই প্রজন্ম ভয় পায় না এবং তাদের লক্ষ্য অটল।”