অন্তর্বর্তী সরকারের নয় মাসে একটি হত্যাকাণ্ডেরও বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও ন্যাশনাল কনসেন্সাস পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। একইসঙ্গে আইন উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. আসিফ নজরুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
\r\nবৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম এসব মন্তব্য করেন।
\r\nতিনি বলেন, “টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়। কিন্তু, সুপারিশ বা অর্থনৈতিক শক্তি না থাকায় আওয়ামী আমলে নির্যাতনের শিকার অনেক মজলুম এখনো জামিন পান না।”
\r\nশাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি লিখেন, “শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় এখনো বহু আলেম কারাগারে রয়েছেন। অথচ অনেক চিহ্নিত অপরাধী জামিনে মুক্তি পাচ্ছে, এমনকি তারা বিএনপির ঘনিষ্ঠ হলেও তাদের অপরাধ সংগঠিত হয়েছে বিএনপি আমলে।”
\r\nসারজিস প্রশ্ন তোলেন, “এসব জামিন কীভাবে হয়? কার সুপারিশে হয়? কোন আইনজীবী বা বিচারকের প্রত্যক্ষ মদদে হয়?”
\r\nতিনি আরো বলেন, “প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে মানুষ খুন হলো, অথচ নয় মাসেও একটি হত্যাকাণ্ডের বিচার শুরু হলো না! এটি কি দায়িত্ব এড়াতে পারেন আইন উপদেষ্টা হিসেবে থাকা আসিফ নজরুল?”
\r\nসারজিস আলমের মতে, এই পরিস্থিতিতে ড. আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া এখন সময়ের দাবি।
\r\nপোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। এখন পর্যন্ত আসিফ নজরুলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





