প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতির প্রতীক্ষিত নির্বাচনে নির্বাচন কমিশন চালকের আসনে রয়েছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোই এখন সবচেয়ে বড় দায়িত্ব। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি সন্তোষজনক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরও জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে একটি আদর্শ নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সাক্ষাতে সিইসি নাসির উদ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তিনি বলেন, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সঠিকভাবে এগোচ্ছে এবং একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত।
বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও।
অন্যদিকে সরকারের পক্ষ থেকে বৈঠকে যোগ দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
প্রস্তুতিমূলক সময়ে সহযোগিতা দেওয়ার জন্য সিইসি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।





