বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা শুধু দলের নয়, দেশের ১৮ কোটি মানুষের কল্যাণ চাই। তিনি বলেন, আমরা বিজয়ী হলে দেশের সব মানুষই বিজয়ী হবে। আমাদের লক্ষ্য হলো সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা এবং ন্যায়বিচার ব্যবস্থা সকলের জন্য সমান হওয়া।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় এলে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না। তিনি উল্লেখ করেন, দেশে অনেক নিরীহ মানুষ হত্যা হয়েছে, এর মধ্যে দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকাণ্ড উল্লেখযোগ্য। তিনি জানান, জীবন দিতে রাজি আছেন, কিন্তু কোনো মায়ের সম্মান ক্ষুণ্ণ করতে দেবেন না।

তিনি আরও বলেন, চাঁদাবাজি বা লুটপাট করার সুযোগ দেওয়া হবে না। ২৮ লাখ কোটি টাকা লুটপাটের যে কোনো সম্পদ ফেরাতে হলে ক্ষমতায় এমন মানুষ আনতে হবে যারা লুটপাটের সঙ্গে জড়িত নয়। তিনি দাবি করেন, কোনো প্রতিশোধের জন্য মামলা করা হয়নি এবং জনগণের সম্পদের রক্ষক হিসেবে কাজ করা হয়েছে।

ডা. শফিকুর রহমান জানান, ১২ ফেব্রুয়ারি প্রথম ভোট হবে গণভোটে “হ্যাঁ” ভোট, পরে দাঁড়িপাল্লায় ভোটের মাধ্যমে দেশ গঠন হবে, যেখানে কোনো ধর্ম বা বর্ণের বৈষম্য থাকবে না। তিনি বলেন, এটি হবে গণমানুষের বাংলাদেশ।

\r\n\r\n\r\n\r\n

জনসভায় মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলামের সভাপতিত্বে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জিন হোসাইন হেলাল, জেলার আমির ও বরিশাল-৪ আসনের সংসদ প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ জেলা ও বিভিন্ন আসনের ১১ দলীয় জোটের প্রার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সকাল ৯টায় শুরু হয় এবং জামায়াতের আমির প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।