জুলাই গণআন্দোলনে আবু সাঈদ হত্যার মামলায় সাক্ষী না আসায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ আজ পিছিয়ে ১০ নভেম্বর ধার্য করা হয়েছে। এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ নির্ধারিত ছিল।
মঙ্গলবার প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেছেন আদালত। প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সহিদুল ইসলাম ও আবদুস সাত্তার পালোয়ান।
এর আগে ১৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল, কিন্তু সাক্ষীর অনুপস্থিতির কারণে জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি।
গত ৬ অক্টোবর নবম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছিল। ওইদিন পুলিশের দুই উপপরিদর্শক—এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল—জব্দ তালিকার সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। পরে তাদের জেরা করেছেন পলাতক ২৪ আসামির পক্ষে চারজন স্টেট ডিফেন্স এবং গ্রেপ্তার আসামিদের আইনজীবীরা।





