বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে আবার রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন, জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, খালেদা জিয়ার সুস্থতায় দেশের মানুষ এবং শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার স্বাস্থ্য পরিস্থিতি আগের মতোই এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিতে পারছেন।
ডা. জাহিদ বলেন, “আমরা অত্যন্ত আশাবাদী যে খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। তবে তার বয়স ও দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে শারীরিক অবস্থা জটিল। অতীতের চিকিৎসার অভাব তার স্বাস্থ্যকে আরও চ্যালেঞ্জিং করেছে, তাই এখন তিনি কঠিন সময় পার করছেন।”
ডা. জাহিদ আরও বলেন , খালেদা জিয়া মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সুস্থ হয়ে আবারও বাংলাদেশে রাজনীতিতে ভূমিকা রাখতে পারবেন।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা সব সময় খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন এবং নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শরীরে আরও কিছু জটিলতা দেখা দিয়েছে। বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে, যার কারণে বিদেশে স্থানান্তর করার মতো শারীরিক স্থিতিশীলতা এখনও অর্জিত হয়নি। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।
এদিকে, প্রতিদিনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যাচ্ছেন এবং তার চিকিৎসার তদারকি করছেন।





