একের পর এক যান্ত্রিক ত্রুটিতে ফের প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা। এবার সানফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাইগামী একটি আন্তর্জাতিক বিমানে মাঝ আকাশে ধরা পড়ল গুরুতর যান্ত্রিক ত্রুটি। কলকাতা বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় বোয়িং ড্রিমলাইনারটি।
সূত্রের খবর, আজ মঙ্গলবার ভোররাতে কলকাতায় নামার পর বিমানের গন্তব্য ছিল মুম্বাই। তবে কিছুক্ষণ উড়ান চালানোর পর ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন ও যান্ত্রিক গোলযোগ লক্ষ্য করা যায়। পাইলট দ্রুত কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে বিমানের দিক ঘুরিয়ে ফের কলকাতায় অবতরণের সিদ্ধান্ত নেন।
\r\nবিমানটিতে থাকা এক যাত্রী জানান, “হঠাৎ করেই বিমানে কাঁপুনি শুরু হয়। আলো নিভে যায়, ক্রুরা সবাইকে বসে থাকার নির্দেশ দেন। পুরো পরিস্থিতি খুব ভয়ের ছিল।”
\r\nএয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে।
\r\nতবে গত এক সপ্তাহে এই নিয়ে চারটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমানে। এর আগে আহমেদাবাদ, লখনৌ ও দিল্লি সংলগ্ন আকাশপথে যান্ত্রিক গোলযোগের কারণে বিমানের উড়ান মাঝপথেই বাতিল করে ফিরে আসতে হয়। কিছু ঘটনায় বিমানের চাকায় আগুন লাগার ঘটনাও ঘটেছে।
\r\nবেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (DGCA) জানায়, প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত চলছে। তবে একের পর এক এমন ঘটনায় যাত্রীদের মধ্যে বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।





