শুরুতে হারলেও দ্রুত ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছয় ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে জুনিয়র টাইগাররা।
\r\nসোমবার (২৮ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২১১ রানে অলআউট হয় লঙ্কান যুবারা। জবাবে মাত্র ৯৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। জয়ের নায়ক জাওয়াদ আবরার, যিনি মাত্র ১০৬ বলে দুর্দান্ত ১৩০ রানের ইনিংস খেলেন।
\r\nশুরুতেই ফাহাদ-ইমনদের দুর্দান্ত বোলিংয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। স্কোরবোর্ডে ৫০ তোলার আগেই হারায় ৩ উইকেট। এরপর হেনাতিগালা (৫১) ও দিনুরা দামসিথ (৪৭) কিছুটা প্রতিরোধ গড়লেও বড় ইনিংস গড়তে পারেনি লঙ্কান যুবারা। আল ফাহাদ একাই শিকার করেন ৬ উইকেট।
\r\nরান তাড়ায় ওপেনার কালাম সিদ্দিকী মাত্র ৫ রানে আউট হলেও বিপদে পড়েনি বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের (৮৯ বলে ৬৯ রান) সঙ্গে বড় জুটি গড়ে সহজ জয় নিশ্চিত করেন জাওয়াদ আবরার।
\r\nএই জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশের যুবারা। সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (১ মে)।





