পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ ইঙ্গিত দিয়েছেন, ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধ’ শুরু হতে পারে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আফগানিস্তান শান্তিপূর্ণ সমাধানই চাইবে।

শনিবার (২৫ অক্টোবর) থেকে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হওয়া এই বৈঠক রোববার পর্যন্ত চলবে বলে জানিয়েছে রয়টার্স। প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর সম্প্রতি দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই আলোচনার মূল লক্ষ্য হলো দোহা চুক্তির আওতায় যুদ্ধবিরতিকে দীর্ঘমেয়াদে কার্যকর রাখার প্রক্রিয়া নির্ধারণ করা।

খোয়াজা আসিফ বলেন, “গত চার-পাঁচ দিন ধরে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি, উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে। আমাদের সামনে দুটি পথ— চুক্তি না হলে খোলা যুদ্ধ। তবে আমি বিশ্বাস করি, তারা শান্তি চায়।”

চলতি মাসের শুরুতে সীমান্তে সংঘর্ষ শুরু হয়। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের দমন করছে না তালেবান সরকার। এরপর পাকিস্তান সীমান্তের ওপারে বিমান হামলা চালায়, যা দুই দেশের মধ্যে ভারী গোলাগুলির জন্ম দেয়। এতে বহু প্রাণহানি ঘটে।

সংঘর্ষের পর গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলো বন্ধ করে দেওয়া হয়, যা এখনো খোলা হয়নি। ইসলামাবাদ অভিযোগ করেছে, কাবুল পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তবে তালেবান এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সামরিক অভিযান আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন।