বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জামায়াত-e-ইসলামীর প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আপনারা বুঝে শুনে কথা বলেন। অতীতে আপনারা বুঝে শুনে কথা বলেন নাই।”

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ আয়োজনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অনুষ্ঠিত হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, “গতকাল গোপালগঞ্জে যে আক্রমণ ও হত্যাকাণ্ড ঘটেছে, সেটি কী বার্তা দিতে চায় তা আমরা জানি না। এটি ন্যক্কারজনক। আমরা লক্ষ করছি, যখনই লন্ডনে তারেক রহমানের সঙ্গে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়, তখনই একটি মহল দেশে ষড়যন্ত্র শুরু করে।”

তিনি আরও বলেন, “আমরা ভেসে আসিনি। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি শুধু ঘোষণা দিয়ে থেমে যাননি, সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন।”

জামায়াতের প্রতি কড়া ভাষায় তিনি বলেন, “১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী যখন বাঙালির ওপর হামলা চালায়, তখন কারা আনন্দ মিছিল করেছে? কারা পাকিস্তানের পক্ষে ছিল? তা জাতি জানে। আমরা আপনাদের ইতিহাস জাতির সামনে তুলে ধরতে চাই না। বরং আপনারা জাতির কাছে ক্ষমা চান।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব জাকির হোসেন, সংগীতশিল্পী ন্যান্সি, যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ জনি প্রমুখ।