বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারীদের অপমান করেছেন। তাঁর মন্তব্য শুনে বোঝা যায়, যদি তারা ক্ষমতায় আসে, নারী সমাজের জন্য কঠিন সময় চলে আসবে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন

রিজভী জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, “জান্নাতের কার্ড শেষ হয়ে গেছে কি? যে কারণে নারীদের ধরলেন! অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়ে গেছে?”

তিনি আরও বলেন, শফিকের মন্তব্যে নারী সমাজকে অপমান করা হয়েছে। “আপনাদের কথা শুনে বোঝা যায়, ক্ষমতায় এলে নারীদের দুর্দিন শুরু হবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনি মন্ত্রী হননি, আর এখন বলছেন দলের প্রধান কোনো নারী হবে না। একজন নারীকেও কেন মনোনয়ন দেননি?”

জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, জামায়াতের আমির পুরো নারী সমাজকে অপমান করেছেন। আইডি হ্যাক হয়েছিল—যদি সেটা প্রমাণ করতে না পারেন, জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। তিনি জামায়াতের বিরুদ্ধে নারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী ছিল। একাত্তরে তারা মা-বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, শফিকুর রহমান নারীদের কাছে ক্ষমা চাইবেন না, তাহলে যে আগুন জ্বলে উঠবে, তাতে জামায়াত পুড়ে যাবে। “যেই মায়ের গর্ভ থেকে সবাই জন্মায়, সেই মায়ের জাতিকে পায়ের নিচে রাখতে চায় জামায়াত। ১২ তারিখে নারীরা দেখিয়ে দেবে, তাদেরকে হেয় করে কোনো দল জিততে পারে না।”