বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রাখতেন রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত আসাদুল হক বাবু হত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি—এমন দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন।
সোমবার (২৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির সময় তিনি এ কথা বলেন। আদালত ওইদিন তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আইনজীবী নয়ন বলেন, “কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। গতকাল বরিশালে তাকে সিআইডি আটক করে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের জিম্মি করে নগ্ন ভিডিও করে রাখতেন।”
এদিন তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, রোববার রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। এরও আগে, গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তৌহিদের বাবা, বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তায় আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলি বাবুর বুকে ও ডান পাশে লাগে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এ মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারভুক্ত আসামি।





