সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে রাজধানীর উত্তরা পশ্চিম থানায়। রোববার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এ অভিযোগ দায়ের করেন।

\r\n

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ। অভিযোগ দায়েরের পর আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

\r\n

ডিবি জানায়, আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সঠিকভাবে উত্তর না দিতে পারায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

\r\n

অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা দেশ ত্যাগ করলে তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশের স্থিতিশীলতা ও অবকাঠামো ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তারা সোশ্যাল মিডিয়া ও টেলিভিশনের টকশোতে বসে নিষিদ্ধ সংগঠনকে পুনরায় সক্রিয় করার প্রচারণা চালাচ্ছেন এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছেন।

\r\n

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, “কিছু বিষয়ে কথা বলার জন্য আমরা তাকে এখানে নিয়ে এসেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত পরে জনসংযোগ শাখা থেকে জানানো হবে।”