জয়পুরহাট প্রতিনিধি: দীর্ঘদিনের আইনি লড়াই শেষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন ইউপি সদস্য হিসেবে শপথ নিয়েছেন আব্দুস সবুর পিন্টু।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত তাঁকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। এ সময় ইউনিয়নের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর আব্দুস সবুর পিন্টু বলেন, “২০২১ সালের নির্বাচনে আমি প্রকৃত বিজয়ী ছিলাম। অনৈতিকভাবে আমাকে এক ভোটে পরাজিত দেখানো হয়েছিল। যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আদালতের রায় কার্যকর হওয়ায় আমি এখন এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব।”
২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত ওই ইউপি নির্বাচনে আব্দুস সবুর পিন্টু (তালা প্রতীক) ও মারুফ হাসান রনি (ফুটবল প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনার পর প্রথমে এক ভোটের ব্যবধানে মারুফ হাসান রনিকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু আব্দুস সবুর পিন্টুর আপত্তি ও পাঁচ দফা পুনর্গণনার পরও ফল অপরিবর্তিত থাকলে, তিনি ২০২১ সালের ১৫ ডিসেম্বর জয়পুরহাট জজ আদালতে মামলা করেন।
দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ১৫ অক্টোবর জেলা নির্বাচনী ট্রাইব্যুনাল ভোট পুনর্গণনার আদেশ দেন। পুনর্গণনায় আব্দুস সবুর পিন্টু পান ১,১১৪ ভোট, আর মারুফ হাসান রনি পান ১,১১১ ভোট। ফলে তিন ভোটের ব্যবধানে পিন্টু বিজয়ী ঘোষণা হন। এরপর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাঁকে বিজয়ী ঘোষণা করে।





