‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো আয়োজন করা হয়েছে। এ কারণে এলাকাজুড়ে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে। কর্মসূচির মধ্যে রয়েছে: বেলা ১১টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সংগীত পরিবেশনা, ২টা ২৫ মিনিটে 'ফ্যাসিস্টের পলায়ন' উদযাপন, বিকাল ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ, সন্ধ্যা সাড়ে ৭টায় ড্রোন শো এবং রাত ৮টায় আর্টসেলের পরিবেশনা।
অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া এভিনিউয়ে জনসমাগম বাড়বে। এসময় মানিক মিয়া এভিনিউয়ের খেজুর বাগান ক্রসিং থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
বিকল্প পথ ও ডাইভারশন পয়েন্ট:
১. আড়ং ক্রসিং: উত্তর দিক (মোহাম্মদপুর/মিরপুর) থেকে ফার্মগেটমুখী যানবাহন আড়ং ক্রসিংয়ে বামে না গিয়ে ধানমন্ডি ২৭ হয়ে মিরপুর রোড দিয়ে চলাচল করবে।
দক্ষিণ দিক (সায়েন্স ল্যাব) থেকে আসা যানবাহনও এ ক্রসিংয়ে ডানে না গিয়ে গণভবন ক্রসিং হয়ে বিজয় সরণির দিকে যেতে বলা হয়েছে।
২. খেজুর বাগান ক্রসিং: ইন্দিরা রোড হয়ে আসা যানবাহনকে মানিক মিয়া এভিনিউতে না গিয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং, লেক রোড ও গণভবন হয়ে ধানমন্ডিমুখী চলাচল করতে বলা হয়েছে।
এছাড়া এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করতে বলা হয়েছে ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে।
৩. ফার্মগেট ক্রসিং: ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ ও মিরপুরমুখী যানবাহন সোজা বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিং দিয়ে চলাচল করবে।
৪. গণভবন ক্রসিং: উত্তর দিক থেকে আগত যানবাহনকে সরাসরি দক্ষিণে না গিয়ে লেক রোড ও বিজয় সরণি হয়ে ফার্মগেটমুখী চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
৫. সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক: আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত এই সড়ক ব্যবহার করতে বলা হয়েছে বিকল্প চলাচলের জন্য।
পার্কিং: অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নিজস্ব বা ভাড়াকৃত যানবাহন আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।
জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন সড়কগুলো এড়িয়ে চলার জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছে পুলিশ। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।





