শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শনিবার (৩ জানুয়ারি) থেকে মঙ্গলবার (৬ জানুয়ারি) পর্যন্ত চার দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। এ সময়ে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সমর্থন চাইবেন সংগঠনটির নেতাকর্মীরা।


\r\n

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি ও হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। তা না হলে ৭ জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে। পাশাপাশি ২২ কর্মদিবসের মধ্যে বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির নেতারা।


\r\n

এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখান থেকেই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।


\r\n

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। তদন্ত সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা হাদিকে গুলি করেন বলে শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা রয়েছে।


\r\n

ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সরকারের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৮ ডিসেম্বর মারা যান।