ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে এ কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজকে সমন্বয় করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর বিষয়টি নিয়ে পক্ষে ও বিপক্ষে আলোচনা শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভা আয়োজন করে।
শিক্ষার্থীদের ভাষ্য, এসব আলোচনা শেষে প্রাপ্ত মতামতের ভিত্তিতে খসড়াটি হালনাগাদ করা হয়েছে। সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় সব আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একটি সূত্রের তথ্য অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হতে পারে। শিক্ষার্থীরা আশা করছেন, ওই সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫-এর হালনাগাদ খসড়ার অনুমোদন দেওয়া হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হবে।
এই প্রেক্ষাপটে এক দফা দাবিতে ১৪ জানুয়ারি রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





