ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ রোববার (৭ সেপ্টেম্বর)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা ভোটারদের কাছে প্রচারণা চালাতে পারবেন।
শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রতিশ্রুতি দিচ্ছেন নানা কর্মপরিকল্পনার। তবে গতকাল শনিবার ছুটির দিনে ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি কম থাকায় প্রচারণা মূলত হলে সীমিত ছিল।
দিনের শুরুতে হাজী মুহম্মদ মহসিন হলে প্রচারণা করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, “অতীতের অপরাজনীতির সংস্কৃতি থেকে বের হয়ে সুস্থ ও ঐক্যের রাজনীতি গড়ে তুলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে আগে একজন মানুষ হিসেবে গণ্য করাই হবে আমাদের মূল লক্ষ্য।” নির্বাচিত হলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশেষ সেল গঠনের প্রতিশ্রুতিও দেন তিনি।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা নারী ভোটারদের অংশগ্রহণে জোর দেন। তিনি বলেন, “আমরা মেয়েদের ভোটকেন্দ্রে আনার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আশা করি, মেয়েরাও গণহারে ভোট দিতে আসবে।”
এছাড়া অমর একুশে হলে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এস এম ফরহাদ ও আবু বাকের মজুমদার। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বিকেলে মধুর ক্যান্টিনে জরুরি ব্রিফিং করেন স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী। তার অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজনৈতিক দলের প্রার্থীদের তুলনায় স্বতন্ত্র প্রার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে।
অপরদিকে, বিকালে ভোটের পরিবেশ নিয়ে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ জমা দেয় ছাত্রদল।
প্রচারণা শেষে হাতে থাকবে মাত্র একদিন। আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচন। শিক্ষার্থীরা আশা করছেন, ভোট হবে সুষ্ঠু, সুন্দর ও দৃষ্টান্তমূলক।





