একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে ১০টির বেশি সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতের পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। এমন সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করার নিয়ম কার্যকর থাকবে। এর বেশি সিম নিবন্ধিত থাকলে বৃহস্পতিবারের মধ্যে অতিরিক্ত সিমগুলো সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কমিশন দৈবচয়ন পদ্ধতিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করবে।

গ্রাহকরা চাইলে নিজের এনআইডিতে নিবন্ধিত পছন্দমতো ১০টি সিম রাখার সুযোগ পাবেন। অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার করতে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার বা নির্ধারিত চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে হবে।

একটি এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে যেকোনো মোবাইল অপারেটর (গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক) থেকে *১৬০০১# লিখে ডায়াল করতে হবে। এরপর ফিরতি মেসেজে জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা পাঠালে জানিয়ে দেওয়া হবে, সেই এনআইডিতে মোট কয়টি সিম নিবন্ধিত আছে এবং কোন কোন অপারেটরের সিম রয়েছে।

বিটিআরসি জানিয়েছে, গ্রাহকের তথ্য সুরক্ষা ও অবৈধ সিম ব্যবহারের ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।