আইপিএলের এবারের আসরে শেষভাগে এসে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তিনটি ম্যাচ খেলার অনুমতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ইতোমধ্যেই অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন তিনি। বিসিবি সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শেষে আজ সকালেই দুবাই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন মোস্তাফিজ।

\r\n

গত রাতে শারজায় আমিরাতের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। এনওসি অনুযায়ী, এই একটি ম্যাচই তাঁর খেলার কথা ছিল। তবে প্রশ্ন উঠেছে—আজ রাতেই কি দিল্লির জার্সি গায়ে মাঠে নামবেন এই বাঁহাতি পেসার?

\r\n

বাংলাদেশ সময় রাত ৮টায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। কিন্তু ভ্রমণক্লান্তি আর একদিন আগের ম্যাচ খেলার ধকল—সব মিলিয়ে মোস্তাফিজের ম্যাচ খেলার প্রস্তুতি কতটা, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

\r\n

অস্ট্রেলিয়ান ব্যাটার জেক ফ্রেজার ম্যাগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের বাকি অংশে না খেলার সিদ্ধান্ত নেওয়ায় দিল্লির স্কোয়াডে জায়গা হয়েছে মোস্তাফিজের। উল্লেখ্য, এই ম্যাগার্ককে ৯ কোটি রুপিতে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তাঁর অনুপস্থিতি ও বাজেট সমন্বয়ের মাধ্যমেই মোস্তাফিজকে ৬ কোটি রুপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যদিও মেগা নিলামে তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

\r\n

দলের অন্য দুই বিদেশি—অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা—ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ না দেওয়ায় দিল্লি এখন বিদেশি খেলোয়াড় সংকটে। তবে ভারতীয় কিছু গণমাধ্যমের দাবি, মোস্তাফিজকে একাদশে রাখলে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছেন দিল্লির কিছু সমর্থক। সে কারণে আজকের ম্যাচে মোস্তাফিজ সুযোগ পাবেন কিনা, সেটি এখনো নিশ্চিত নয়।

\r\n

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে আট দিন স্থগিত থাকার পর গতকাল থেকে পুনরায় শুরু হওয়ার কথা ছিল আইপিএল। তবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। টস পর্যন্ত না হওয়ায় ম্যাচটি বাতিল হয়ে পয়েন্ট ভাগাভাগি হয়। এতে প্লে-অফ থেকে ছিটকে পড়ে কলকাতা নাইট রাইডার্স।