আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি উপলক্ষে নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য— ‘কর্মস্থলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন।’
প্রতি বছর প্রায় ১৭০টি দেশে এই দিবস পালিত হয়। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে; ২০০৭ সাল থেকে দিবসটি আনুষ্ঠানিকভাবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আইডিএফ-এর তথ্য অনুযায়ী, প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগী মারা যান এবং একই সময়ে দুইজন নতুন রোগী শনাক্ত হন।
দিবসকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এ ছাড়া দেশব্যাপী ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দুই দিনব্যাপী বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছে। সমিতির বিভিন্ন অঙ্গসংগঠন এবং দেশের বিভিন্ন জেলা সমিতিও পৃথকভাবে নানা উদ্যোগ নিচ্ছে।
শুক্রবারের কর্মসূচি (১৪ নভেম্বর):
সকাল ৮টা ৩০ মিনিটে শাহবাগ বারডেম কার পার্কিং থেকে টেনিস ক্লাব গেট পর্যন্ত প্লাকার্ডসহ রোড শো
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চতুর্থ তলায় স্বল্পমূল্যে হার্ট, নিউরো ও ভাসকুলার ক্যাম্প
শনিবারের কর্মসূচি (১৫ নভেম্বর):
সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বারডেম, এনএইচএন ও বিআইএইচএস-এর বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা
বেলা ১০টায় বারডেম অডিটোরিয়ামে আলোচনা সভা ও প্রশ্নোত্তর পর্ব
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিইউএইচএস-এর এমিরেটাস অধ্যাপক হাজেরা মাহতাব
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান
এ ছাড়া আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বারডেমের ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ক্লিনিক্যাল হেমাটোলজি বিভাগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলছে।
ডায়াবেটিস সচেতনতা বাড়াতে বিশেষ ক্রোড়পত্র, ‘কান্তি’ ও ‘ডায়াবেটিস নিউজলেটার’-এর বিশেষ সংখ্যা প্রকাশ করা হচ্ছে; পাশাপাশি পোস্টার, লিফলেট ও স্টিকারও বিতরণ করা হচ্ছে।





