বাংলাদেশে আর আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাস করে এবং কমিশনের কাছ থেকে সবাই ন্যায়বিচার পাবে।

বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সিইসি।

তিনি জানান, যাঁরা মনোনয়নের বৈধতা বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন, তাঁদের বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী এবং সবার জন্য সমান সুযোগ, অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বদ্ধপরিকর।

আপিল শুনানির পুরো প্রক্রিয়া স্বচ্ছ হবে উল্লেখ করে সিইসি আরও বলেন, প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হবে।