বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার (২৭ জুন) থেকে মহররম মাসের গণনা শুরু হবে। সে অনুযায়ী, ৬ জুলাই (রোববার) পালিত হবে পবিত্র আশুরা।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভা শেষে তিনি জানান, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় মহররম মাসের চাঁদ দেখা গেছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, ওয়াকফ প্রশাসক মো. নূর-ই-আলম, আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলাম এবং তথ্য অধিদফতর ও বাংলাদেশ টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আশুরা ও ইসলামী গুরুত্ব
হিজরি বছরের প্রথম মাস মহররম ইসলামে অন্যতম মর্যাদাপূর্ণ মাস। আর এই মাসের দশম দিন, অর্থাৎ আশুরা, বিশেষ তাৎপর্যপূর্ণ। হাদিসে বর্ণিত আছে, আশুরার দিনে ও এর আগে বা পরে একদিন রোজা রাখা সুন্নত। মহানবী হযরত মুহাম্মদ (সা.) আশুরার রোজা রাখাকে উৎসাহিত করেছেন এবং এ রোজা এক বছরের ছগিরা গুনাহ মাফের কারণ হয় বলে উল্লেখ আছে (সহিহ মুসলিম, হাদিস: ১১৬২)।

ধর্মপ্রাণ মুসলমানরা আশুরা উপলক্ষে রোজা পালন, দোয়া, তওবা এবং নানা ইবাদতের মাধ্যমে দিনটি অতিবাহিত করে থাকেন।