আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তুলতে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কালেক্টরেট চত্বরে গণভোট–২০২৬ উপলক্ষে ভোটের গাড়ি ক্যারাভানের মাধ্যমে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
নুরজাহান বেগম বলেন, অতীতের শাসনামলে দেশের সব খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট ছোট ছেলে-মেয়েদের আত্মত্যাগ ও আন্দোলনের মাধ্যমে আজ একটি সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। আগামী প্রজন্মের জন্য নিরাপদ দেশ রেখে যেতে হলে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
তিনি বলেন, সঠিকভাবে ভোট দিতে ব্যর্থ হলে অতীতের দুঃশাসন আরও কঠোরভাবে ফিরে আসতে পারে। আমাদের অবস্থা এখন একেবারে খাদের কিনারায়। খাদে পড়ে যাওয়া ঠেকাতে হলে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিকল্প নেই।
ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও সমাজ ব্যবস্থা গড়ে তুলতে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, কোন জেলায় কতজন ‘হ্যাঁ’ ভোট দিলেন, তা মনিটরিং করা হবে।
স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, দেশজুড়ে স্বাস্থ্য ও শিক্ষাখাতে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা চলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সক্ষম, সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
এ সময় সিরাজগঞ্জের সিভিল সার্জন নুরুল আমিন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।