জয়পুরহাট প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলা বিএনপির আয়োজনে গণমিছিল ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকেল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা পৃথক পৃথক স্লোগানসহ কালাই সরকারি মহিলা কলেজ মাঠে সমবেত হন। সেখান থেকে একটি বিশাল মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালাই বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সদস্য আনিছুর রহমান তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-০২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, “লড়াই, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে গত ১৭ বছরে আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, সেই ত্যাগের বিনিময়ে এ দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করবে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের জন্য বিএনপি বদ্ধপরিকর। এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে হবে।”
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা বিএনপির সাবেক সদস্য মামুনুর রশিদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এফতাদুল হক, উপজেলা বিএনপির সহসভাপতি তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।
স্থানীয় নেতারা জানান, এই আয়োজনের মধ্য দিয়ে কালাই উপজেলায় বিএনপির রাজনীতি আবারও সচল ও সংঘবদ্ধ হয়েছে। তারা জানান, আগামী দিনে ৩১ দফা দাবিকে কেন্দ্র করে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।





