আগামী জাতীয় নির্বাচনেই দেড় কোটি প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেছে দলটির ডায়াস্পোরা অ্যালায়েন্স। এসব কর্মসূচিতেও প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার দাবি চূড়ান্তভাবে বাস্তবায়ন না হলে প্রয়োজনে আরও ‘হার্ডলাইনে’ (কঠোর পথে) যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
আজ রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্সের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে ডাকা এই সংবাদ সম্মেলনে ৪০টি দেশে থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়েছিলেন এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতা–কর্মীরা।





