ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে মাদরাসা শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। এজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে তামীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রাঙ্গণে ছাত্র সংসদের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. খালিদ বলেন, “যোগ্য হয়েই সুযোগ্য স্থানে অধিষ্ঠিত হতে হবে। প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা, স্বাস্থ্যসহ সবক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীদের যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। দেশ ও জাতির উন্নয়নে তাদের ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের পথচলা এখনো শেষ হয়নি। আরও অনেক দূর যেতে হবে। কোনো বাধা এলে থেমে গেলে চলবে না, বরং সব বাধা অতিক্রম করেই এগিয়ে যেতে হবে।”

ঐক্যের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। যে সুযোগ এসেছে, তা পুরোপুরি কাজে লাগাতে হবে। এই সুযোগ হারালে আমাদের আবারও বহু বছর অপেক্ষা করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ খলিলুর রহমান মাদানী। বিশেষ অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান ড. শামসুল আলম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান ভূইয়া, আল ফাতাহ পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ সাঈদ, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম এবং মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর নুরুন্নবী মানিক।