১১ দলীয় জোটের প্রধান এবং জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান আগামীকাল শুক্রবার ফেনীতে আসবেন। তিনি সকাল ১০টায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে দলের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।
বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখা। তারা জানান, সমাবেশ সকাল ৮টায় শুরু হবে এবং ১০টায় আমিরের বক্তব্য থাকবে। সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ আরও অনেক নেতা অংশ নেবেন।
সমাবেশের পর ডা. শফিকুর রহমান ফেনীর পরশুরামে সীমান্তবর্তী বল্লামুখার বাঁধ পরিদর্শন করবেন, পাশাপাশি টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরবেন। তিনি জুলাই শহীদদের কবর জিয়ারত, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে মতবিনিময় এবং দাগনভূঞার পথসভায় অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম সঞ্চালনা করেন। বক্তব্য দেন জেলা আমির মুফতি আবদুল হান্নান। এছাড়া উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, মাস্টার সামছুদ্দিন, ফেনী-১ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং ফেনী-৩ আসনের জামায়াত প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক।





