মারজিন হোসাইন নিবিড় 
জেলা প্রতিনিধি -আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) ৫ ফেব্রুয়ারি ২০২৬


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের আখাউড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না; বরং মানুষের দুর্দশা আরও বেড়ে যাবে।”

তিনি আরও বলেন, “এই নির্বাচনী কার্যালয়কে আগামীর বিজয় উদযাপনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।” পাশাপাশি তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে আরও কয়েকটি দিন ধৈর্য ও কষ্ট করে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সাবেক আমীর কাজী নজরুল ইসলাম খাদেম বলেন, “এই নির্বাচনী কার্যালয় যেন জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডভোকেট জালাল উদ্দিন, জেলা জামায়াতের সাবেক আমীর কাজী নজরুল ইসলাম খাদেম, আখাউড়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. বরকতুল্লাহ ও সাদ হোসেন, আখাউড়া উপজেলা জামায়াতের আমীর ইকবাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বোরহান উদ্দিন , পৌর জামায়াতের আমীর মোরশেদ হোসেন, এনসিপির আখাউড়া উপজেলা সমন্বয়ক ইয়াকুব আলী, জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাইফুল আল আরিফ, আখাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শেখ আসিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।