আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জাম বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বিতরণ কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অফিসিয়াল সিল, স্ট্যাম্প, অমোচনীয় কালি, ভোটার তালিকা, ফলাফল শিটসহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরসভা ও উপজেলার ৫টি ইউনিয়নের মোট ৪৫টি নির্ধারিত ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। সরঞ্জাম বিতরণ কার্যক্রমকে ঘিরে উপজেলা পরিষদ চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ, পাশাপাশি জোরদার নিরাপত্তা ব্যবস্থা।

সরঞ্জাম গ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সহায়তায় নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা হন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি 
ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে অতিরিক্ত সিসি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো নির্বাচনী কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় রাখা হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন,
“সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভোটাররা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। উপজেলায় নির্বাচন চলাকালে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।”