কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি ও অন্যান্য শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের বাড়িতে তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করা হয়।


\r\n

জানা গেছে, ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মেজর আখতারুজ্জামান। এরপর তিনি স্থানীয় ও ঢাকার জামায়াতের বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেছেন এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় সক্রিয় ভূমিকা রেখেছেন।


\r\n

গত বৃহস্পতিবার ঢাকা-১১ আসনে জামায়াতের প্রার্থীর পক্ষে আয়োজিত জনসভায়ও তিনি বক্তব্য দেন এবং নিজের এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের জামায়াতে ইসলামীতে যোগদানের আহ্বান জানান। আহ্বানকে সাড়া দিয়ে কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপিসহ সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী, ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য এবং দুইজন সনাতন ধর্মাবলম্বীসহ দুই শতাধিক মানুষ যোগদান করেন।


\r\n

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, “দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছি। দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সৎ ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং মানুষকেও সেই আহ্বান জানিয়েছি।”

এ সময় জামায়াতে ইসলামী কটিয়াদী ও চান্দপুর ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।