বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ একটি প্রকৃত রাজনৈতিক দলে রূপ নিতে পারেনি। আর শেখ হাসিনা জনগণের বন্ধু হতে না পেরে গণশত্রু ও জনশত্রুতে পরিণত হয়েছেন।

\r\n

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

\r\n

এ সময় এ্যানি বলেন, “গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা ব্যাপক নিপীড়নের শিকার হয়েছে, এমনকি মা-বোনেরাও রেহাই পায়নি। শেখ হাসিনার নেতৃত্বে দেশে দমন-পীড়নের রাজনীতি চালু রয়েছে। তিনি দেশের শাসন, মানুষের অধিকার বা কল্যাণ নিয়ে কখনো চিন্তা করেননি। বরং তিনি বাংলাদেশে এসেছেন তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিশোধ নিতে।”

\r\n

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ গত ১৭ বছরে একটি বর্বর শাসনের যুগ সৃষ্টি করেছে। তারা বলে উন্নয়নের অগ্রাধিকার, গণতন্ত্রের নয়। কেন? কারণ তখন দুর্নীতি করা সহজ হয়। শেখ হাসিনা এখন পালিয়ে যাওয়ার অবস্থায় পৌঁছে গেছেন।”

\r\n

তিনি দাবি করেন, বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের শেষ ধাপ ছিল ৫ আগস্টের ‘জুলাই আন্দোলন’।

\r\n

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মো. এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ।